প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে চিকিৎসাধীন রোগী ও এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইনের পক্ষ থেকে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির প্রথম পর্যায়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের হাতে খাবার তুলে দেওয়া হয়। পরে মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করেন আয়োজকরা। খাবার পেয়ে রোগী ও শিশুদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়।
খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা মাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনায়ও বিশেষ প্রার্থনা করা হয়।
আয়োজকরা জানান, ধর্মমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর জন্মদিনকে শুধু আনুষ্ঠানিক উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সেবায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও মাদ্রাসার শিক্ষক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



