tanaka
প্রচ্ছদসারাদেশকালকিনিতে মাদক নিয়ে বিরোধে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ, আহত ৩

কালকিনিতে মাদক নিয়ে বিরোধে সংঘর্ষ ও বোমা বিস্ফোরণ, আহত ৩

মাদারীপুরের কালকিনিতে মাদক বিক্রিকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পালটাধাওয়া ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রাত ১০টার দিকে পৌর শহরের মাছবাজারসংলগ্ন বড় ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

সংঘর্ষ ও বোমা বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের লোকজন বড় ব্রিজের দুই পাশে অবস্থান নেন। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পালটাধাওয়া চলে এবং কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

স্থানীয়দের দাবি, পাঙ্গাশিয়া এলাকার রনি সরদার ও জহির ফকিরের পক্ষের লোকজনের মধ্যে মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরেই এ সংঘর্ষের সূত্রপাত। ঘটনায় রনি সরদার, সাব্বির সরদার ও নেসার উদ্দিন নামে এক পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।