চট্টগ্রামের পটিয়ায় বাড়ির গাছ থেকে কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হয়ে মোহাম্মদ তোহা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পটিয়া অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছিলেন।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আনোয়ার হোসেন (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তবে অভিযুক্ত পরিবারের অন্য সদস্যরা পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে তোহার বাড়ির গাছ থেকে কলা চুরির ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী এজাহার মিয়ার পরিবারের সদস্যদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষের সময় প্রতিপক্ষের লোকজন তোহাকে মারধর করেন। একপর্যায়ে লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত আনোয়ার হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শফিক উল্লাহ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, কলা চুরির প্রতিবাদকে কেন্দ্র করেই হামলার ঘটনা ঘটেছে। তবে ঘটনার পেছনে অন্য কোনো বিরোধ বা কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



