tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকওয়াশিংটন পোস্টে নজিরবিহীন ছাঁটাই, শশী থারুরের ছেলেও বরখাস্ত

ওয়াশিংটন পোস্টে নজিরবিহীন ছাঁটাই, শশী থারুরের ছেলেও বরখাস্ত

মার্কিন সংবাদমাধ্যমের ইতিহাসে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সংকোচনের সাক্ষী হলো দ্য ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটির সংবাদকক্ষ ও বিভিন্ন বিভাগ থেকে তিন শতাধিক সাংবাদিক ও কর্মীকে ছাঁটাই করা হয়েছে, যা মোট সম্পাদকীয় কর্মীবাহিনীর এক-তৃতীয়াংশেরও বেশি। এই সিদ্ধান্তে বিশ্বজুড়ে ওয়াশিংটন পোস্টের সাংবাদিকদের মধ্যে শোক, ক্ষোভ ও গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নজিরবিহীন এই ছাঁটাইয়ে ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুরের ছেলে, দ্য ওয়াশিংটন পোস্ট-এর জ্যেষ্ঠ আন্তর্জাতিক বিষয়ক কলামিস্ট ইশান থারুরও বরখাস্ত হয়েছেন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ছাঁটাইয়ের সবচেয়ে বড় ধাক্কা এসেছে আন্তর্জাতিক ব্যুরো, স্থানীয় রিপোর্টিং টিম, ক্রীড়া বিভাগ এবং ব্যবসায়িক শাখায়। বর্তমান ও সাবেক কর্মীদের ভাষ্য অনুযায়ী, একাধিক বিদেশি ব্যুরো কার্যত বন্ধ হয়ে গেছে।

অনেক সাংবাদিকের মতে, এটি শুধু একটি সংবাদপত্রের সংকট নয়, বরং বৈশ্বিক সাংবাদিকতার জন্যই একটি অন্ধকার দিন। ছাঁটাই হওয়া সাংবাদিকদের মধ্যে অন্যতম ইশান থারুর ২০১৭ সালে শুরু হওয়া বহুলপঠিত ওয়ার্ল্ডভিউ কলামের প্রতিষ্ঠাতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের বরখাস্ত হওয়ার খবর নিশ্চিত করে তিনি লেখেন, এই সিদ্ধান্তে তার হৃদয় ভেঙে গেছে। তার এই পোস্টটি পরে শেয়ার করেন তার বাবা শশী থারুর।

ইশান থারুর লেখেন, “আজ আমাকে দ্য ওয়াশিংটন পোস্ট থেকে ছাঁটাই করা হয়েছে। প্রায় ১২ বছর ধরে যেসব অসাধারণ সম্পাদক ও প্রতিবেদকের সঙ্গে কাজ করেছি, তাদের কথা ভেবে মন ভেঙে যাচ্ছে।”

ইউক্রেন থেকে রিপোর্ট করা সাংবাদিক লিজি জনসন জানান, যুদ্ধক্ষেত্রে কাজ করার সময়ই তিনি ছাঁটাইয়ের খবর পান। এক্সে তিনি লেখেন, “আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি বিধ্বস্ত।”

নয়া দিল্লি ব্যুরো প্রধান প্রাংশু ভার্মা লেখেন, “হৃদয়ভাঙা অবস্থায় জানাচ্ছি, আমিও ছাঁটাই হয়েছি। অসংখ্য প্রতিভাবান সহকর্মীর সঙ্গে বিদায় নিতে হচ্ছে।” বার্লিন ব্যুরো প্রধান অ্যারন উইনার জানান, পুরো ব্যুরোটিই বন্ধ করে দেওয়া হয়েছে। কায়রো থেকে ক্লেয়ার পার্কার লেখেন, মধ্যপ্রাচ্যের পুরো প্রতিবেদক ও সম্পাদকীয় দলই বাদ পড়েছে।

এশিয়া সম্পাদক আন্না ফিফিল্ড বলেন, “এই দিনটি শুধু সাংবাদিকদের জন্য নয়, পাঠকদের জন্যও হৃদয়বিদারক। শেষ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন পাঠকরাই।”

পত্রিকাটির সাবেক নির্বাহী সম্পাদক মার্টি ব্যারন এক বিবৃতিতে এই ছাঁটাইকে দ্য ওয়াশিংটন পোস্ট-এর ইতিহাসের অন্যতম অন্ধকার দিন বলে আখ্যা দেন। তার মতে, এর ফলে জনসাধারণ প্রয়োজনীয় মাঠপর্যায়ের তথ্যভিত্তিক রিপোর্টিং থেকে বঞ্চিত হবে।

এই ব্যাপক ছাঁটাই দ্য ওয়াশিংটন পোস্ট-এর আন্তর্জাতিক উপস্থিতিকে নাটকীয়ভাবে সংকুচিত করেছে। বিশেষ করে ব্যয়বহুল হলেও অপরিহার্য বিদেশি সংবাদদাতা ব্যবস্থাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিজিটাল যুগে আর্থিক চাপ ও পাঠক আস্থার সংকটের মধ্যে দাঁড়িয়ে এই ঘটনা বিশ্বজুড়ে মানসম্মত আন্তর্জাতিক সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

যদিও মার্টি ব্যারন আশাবাদ ব্যক্ত করেছেন যে অবশিষ্ট সাংবাদিকরা ক্ষমতার জবাবদিহি অব্যাহত রাখবেন, বিদায়ী কর্মীদের কণ্ঠে শোনা যাচ্ছে মূলত শোক, অবিশ্বাস এবং সেই পাঠকদের জন্য গভীর উদ্বেগ—যারা হয়তো আর আগের মতো গভীর, নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ পাবেন না।