রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনের ২৩ তলায় একটি বায়িং হাউজের অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, অফিসের এসি ও কম্পিউটার সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কামাল আতাতুর্ক এভিনিউয়ে এফ আর টাওয়ারের পাশের আহমেদ টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ৩৬ মিনিটে ২৬ তলা ভবনটির ২৩ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, অফিসের এসি ও কম্পিউটার সার্ভার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের অংশে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



