২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় বাংলা ২য় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজনে পরিবর্তন এনেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ৫ অক্টোবর (রোববার) এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানিয়েছে। বিজ্ঞপ্তিতে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষর করেন।
পরিবর্তনের মূল দিকগুলো:
- বাংলা ২য় পত্র:
রচনামূলক অংশে থাকা অনুবাদ বাদ দেওয়া হয়েছে। এই অনুবাদের জন্য বরাদ্দ ১০ নম্বর এখন সংবাদ প্রতিবেদন লেখার জন্য ব্যবহৃত হবে। - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি):
সংক্ষিপ্ত-উত্তর প্রশ্ন বাদ দেওয়া হয়েছে। এই অংশের ১০ নম্বর যুক্ত করা হয়েছে বহুনির্বাচনি প্রশ্নে, ফলে এমসিকিউ নম্বর বেড়ে ২৫ হয়েছে। - ফিন্যান্স ও ব্যাংকিং:
ফিন্যান্স অংশ থেকে ৮টি এবং ব্যাংকিং অংশ থেকে ৭টি করে মোট ১৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের যেকোনো একটি বিভাগ থেকে অন্তত ৪টিসহ মোট ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায়ও এই পরিবর্তিত কাঠামো অনুসরণ করে প্রশ্ন তৈরি করতে হবে। বিষয়টি ‘অতীব জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।



