গাজামুখী ত্রাণবাহী নৌবহরে অংশ নিয়ে ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি সংসদ সদস্য অনশন শুরু করেছেন। ফরাসি বামপন্থী দল ‘ফ্রান্স আনবাউড’ জানিয়েছে, ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে তারা এই অনশনের পথ বেছে নিয়েছেন।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ম্যানন ওব্রি রোববার ‘ফ্রান্সইনফো’ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমরা এখনও পর্যন্ত তাদের কাছ থেকে সরাসরি কোনো খবর পাইনি। আইনজীবী ও কনসালের মাধ্যমে খুব সংক্ষিপ্তভাবে যোগাযোগ হয়েছে মাত্র।”
ওব্রি আরও জানান, আটককৃতদের ‘অত্যন্ত কঠিন ও মানবেতর’ পরিবেশে রাখা হয়েছে। তিনি বলেন, “প্রতিটি সেলে ১০ জনেরও বেশি মানুষ রাখা হয়েছে এবং পানি সংগ্রহ করাও দুঃসাধ্য হয়ে উঠেছে।”
দলটি শনিবার এক বিবৃতিতে জানায়, তাদের জাতীয় সংসদের দুই সদস্য—ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর—এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান ও এমা ফুরো অনশন শুরু করেছেন। তারা ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছেন।
ম্যানন ওব্রি ফরাসি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের নাগরিকদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”
প্রসঙ্গত, ইসরায়েল ‘গ্লোবাল সামুদ ফ্লোটিলা’ আটকের পর অন্তত ৩০ জন ফরাসি নাগরিককে আটক করেছে। প্রায় ৪৫টি জাহাজ নিয়ে গঠিত এ বহরটি গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল।



