তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আলোচনা চলছে। এরই অংশ হিসেবে নতুন করে চারজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের দায়িত্ব ছাড়বেন। তার ছেড়ে দেওয়া মন্ত্রণালয়ে মঈন খানকে দায়িত্ব দেওয়ার বিষয়টি এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার অন্যতম কেন্দ্রবিন্দু। শুক্রবার (২১ আগস্ট) রাতে তার মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।
মঈন খানের পাশাপাশি আরও তিনজন নতুন সদস্য মন্ত্রিসভায় যোগ দিতে পারেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
আলোচনা অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার সম্ভাবনা রয়েছে। তবে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
সরকারের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই মন্ত্রিসভায় এই পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এলজিআরডি মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও দায়িত্বের পরিবর্তন আসতে পারে।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হওয়ার পর তার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের আয়োজন করা হয়েছে বঙ্গভবনের দরবার হলে।
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হওয়া সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরই তাদের শপথবাক্য পাঠ করাবেন



