প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগের মতো এবার আর কোনো পাতানো নির্বাচন হবে না। নির্বাচন কমিশন ইনসাফ ও ন্যায়বিচারে বিশ্বাসী, এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায্যতা পাবেন বলে তিনি আশ্বাস দেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি।
তিনি বলেন, যেসব প্রার্থী মনোনয়নের বৈধতা কিংবা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, সেগুলোর নিষ্পত্তি সম্পূর্ণ আইনি ভিত্তিতে করা হবে। কমিশন স্বচ্ছতায় বিশ্বাস করে এবং সবার জন্য সমান সুযোগ, অর্থাৎ ‘লেভেল প্লেয়িং ফিল্ড’, নিশ্চিত করবে।
সিইসি আরও জানান, আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।
এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে উপস্থিত হয়ে মনোনয়ন ফিরে পাওয়ার জন্য কিংবা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মনোনয়নের বৈধতার বিরুদ্ধে আবেদন জমা দিচ্ছেন।
ইসি সূত্রে জানা গেছে, শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন গ্রহণ করা হবে। আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত আপিল শুনানি চলবে। ইতোমধ্যে গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।



