ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক আইডিতে ‘সুমাইয়া বান্না’ নামের একটি অ্যাকাউন্টের পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। বিষয়টি ঘিরে তিনি প্রশ্ন তোলেন—এ ধরনের বক্তব্যের কারণে যদি কারও বিরুদ্ধে মামলা ও গ্রেফতার করা হয়, সেটি আদৌ বাকস্বাধীনতার লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে কি না।
তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
‘এ মেয়েটির নামে যদি মামলা দেওয়া হয় এবং পরবর্তীতে গ্রেফতার করা হয়, তাহলে ঠিক কী ধরনের বাকস্বাধীনতার লঙ্ঘন হবে বলে আপনারা মনে করেন?
গত ডাকসু নির্বাচন থেকেই আমি একটি বিষয় বলে আসছি—নারীর রাজনীতি ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে আজ আমরা যে অবস্থানে পৌঁছেছি, সেখানে প্রধান বাধা অনেক সময় পুরুষ নয়, বরং রাজনীতিতে যুক্ত কিছু নারীই। এদের একটি অংশ নারীদের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করে।
তাদের রাজনীতি বা তথাকথিত এমপাওয়ারমেন্ট—এটি প্রকৃত অর্থে নারীর ক্ষমতায়ন নয়। অনেক ক্ষেত্রে তাদের মানসিকতা ও চিন্তা-চেতনা পুরুষতান্ত্রিক ধারাকেও ছাড়িয়ে যায়।
এ কারণেই দেখা যায়, একদিকে কিছু ব্যক্তি কর্মজীবী নারীদের অবমূল্যায়ন করেন, অন্যদিকে আবার তাদের নিয়েই নারীশক্তির নামে কর্মসূচি করা হয়।
আমি ব্যক্তিগতভাবে শুরু থেকেই এই ধারার রাজনীতির সঙ্গে দ্বিমত পোষণ করে আসছি। অসংখ্য নারীর শক্তিকে এভাবে কোনো গোষ্ঠীর হাতে কুক্ষিগত হতে দেওয়া উচিত নয়।’



