উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ও জনপ্রিয় নেতা ববি ওয়াইনকে তার বাসভবন থেকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগটি করেছে তার দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি)। দলটির দাবি, ববি ওয়াইনকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা এখনো অজানা।
শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগের দিন বৃহস্পতিবার দেশটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনের সময় ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।
এ ঘটনায় উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। সাবেক জনপ্রিয় পপ তারকা ববি ওয়াইন বর্তমানে উগান্ডার অন্যতম শীর্ষ বিরোধী নেতা। তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনির বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এনইউপির একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী ও নিরাপত্তা সংস্থার সদস্যরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছেন। তবে তাকে সত্যিই হেলিকপ্টারে তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ভোটগ্রহণের পর ববি ওয়াইন সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, বৈধ ভোটারের সংখ্যার তুলনায় অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।



