পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
পুলিশ জানায়, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। খারাপ আবহাওয়া এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকায় ট্রাকটি একটি খালে পড়ে যায়। দুর্ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে অন্তত ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ও আহত সবাই শ্রমজীবী মানুষ ছিলেন এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব শহরে যাচ্ছিলেন।
এই মর্মান্তিক ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।



