ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম তদারকিতে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সামাজিক সুরক্ষার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
কমিটির সভাপতি করা হয়েছে অর্থমন্ত্রীকে। সদস্য হিসেবে রাখা হয়েছে আরও ১৪ জনকে। তাদের মধ্যে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহ্দী আমিন এবং উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া কমিটিতে অন্তর্ভুক্ত থাকছেন মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব এবং পরিকল্পনা ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।
এর আগে বিএনপি ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সুবিধা প্রথমে হতদরিদ্র পরিবার পাবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্যমন্ত্রী মোহাম্মদ আমিন-উর রশীদ। তিনি বলেন, বৈঠকে ঈদের আগেই পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড চালুর সিদ্ধান্ত হয়েছে। এজন্য কয়েকটি জেলা ও উপজেলা প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে হতদরিদ্র পরিবারগুলোকে এ সুবিধা দেওয়া হবে, পরে ধাপে ধাপে এর পরিধি বাড়ানো হবে।
বৃহস্পতিবার সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ডের আওতায় নগদ অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হতদরিদ্র পরিবারের নারীদের হাতে নগদ অর্থ পৌঁছালে তা পরিবারের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দু-এক দিনের মধ্যেই নির্ধারণ করা হবে প্রথম পর্যায়ে কতজন এ সুবিধার আওতায় আসবেন।



