গ্রাহকদের আস্থা পুনরুদ্ধার এবং ব্যাংকিং কার্যক্রমে স্থিতিশীলতা বজায় রাখতে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ব্যাংকটির দাবি, বাংলাদেশ ব্যাংকের তারল্য সহায়তায় তাদের আর্থিক কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে এবং গ্রাহকদের লেনদেনও নির্বিঘ্নে পরিচালিত হচ্ছে।
শনিবার (২০ জুন) প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ইসলামী ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে কোনো ধরনের বাধা সৃষ্টি, বিশৃঙ্খলা বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। ব্যাংক কোম্পানি আইনের আওতায় এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে গ্রাহকদের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি গুরুত্ব না দেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ব্যাংকের সব শাখা ও উপশাখায় স্বাভাবিকভাবে সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুজব এবং তারল্য সংকট নিয়ে আলোচনার কারণে কিছু গ্রাহকের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। এর প্রভাবে একযোগে আমানত উত্তোলনের প্রবণতাও দেখা যায়। তবে বাংলাদেশ ব্যাংকের সহায়তা এবং ব্যাংক ব্যবস্থাপনার নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং কার্যক্রম এখন স্বাভাবিক ধারায় ফিরছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।



