বিশ্বকাপের আবহে ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় এক চমক। দীর্ঘদিন আগে পেশাদার ফুটবলকে বিদায় জানানো ব্রাজিল ও বার্সেলোনার কিংবদন্তি রোনালদিনহো আবারও মাঠে ফেরার ঘোষণা দিয়েছেন।
তবে জাতীয় দলের হয়ে নয়, ৪৬ বছর বয়সী এই তারকা যোগ দিচ্ছেন ইতালির তৃতীয় স্তরের লিগ সিরি ‘সি’-এর ক্লাব রাভেন্নায়। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, রোনালদিনহো শুধু খেলোয়াড় হিসেবেই নন, ক্লাবটির অংশীদার হিসেবেও যুক্ত হচ্ছেন। তিনি রাভেন্নার শেয়ার কিনে ক্লাবের উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগ করবেন।
আগামী ২৩ জুন যুক্তরাষ্ট্রের মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে রোনালদিনহোর সঙ্গে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেবে রাভেন্না। ক্লাবটির সভাপতি ইনাৎসিও চিপরিয়ানি দীর্ঘদিন ধরে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে আসছিলেন।
নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত রোনালদিনহো বলেন, “নতুন রং, কিন্তু একই হাসি। আবারও বল নিয়ে নাচতে এবং ইনাৎসিও ও তার পরিবারের সঙ্গে নতুন গল্প লিখতে আমি মুখিয়ে আছি। ফুটবল সবসময়ই আমার কাছে আনন্দের উৎস ছিল, সেই আনন্দই রাভেন্নায় ছড়িয়ে দিতে চাই।”
তবে পুরো মৌসুমে তাকে নিয়মিত মাঠে দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়। ধারণা করা হচ্ছে, বিশেষ কিছু ম্যাচে তিনি খেলবেন এবং একই সঙ্গে ক্লাবের প্রচারণা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
ফুটবল ইতিহাসের অন্যতম নন্দিত ও সৃজনশীল খেলোয়াড় রোনালদিনহো ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর। এছাড়া বার্সেলোনার হয়ে দুটি লা লিগা ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
২০১৫ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে শেষ পেশাদার ম্যাচ খেলার পর অবসরে যান তিনি। প্রায় এক দশকেরও বেশি সময় পর তার প্রত্যাবর্তনের খবরে ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।



