দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই সিরীয় নাগরিকও আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। তবে আহত বাংলাদেশিদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, নাবাতিয়েহ জেলার আব্বা ও আল-দুওয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বা এলাকার আল-মাশাল অঞ্চলে ইসরাইলি যুদ্ধবিমান দুই দফা হামলা চালায়। এতে চার বিদেশি নাগরিক আহত হন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি এবং দুইজন সিরীয়।
এদিকে নাবাতিয়েহ জেলার আরও কয়েকটি এলাকায় ইসরাইলি বাহিনীর হামলার খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, জেবশিত ও আর্নুন শহরেও বিমান হামলা ও গোলাবর্ষণ চালানো হয়েছে।
লেবানন-ইসরাইল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে হামলার ঘটনা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, এসব হামলা যুদ্ধবির্তা প্রচেষ্টাকে আরও জটিল করে তুলতে পারে এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক উদ্যোগের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।



