রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্তে আইন ও বিধিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় কেন হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নোটিশ জারি করা হয়। হাসপাতালের মালিক ডা. শেখ মহিউদ্দিনকে পত্র জারির ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ আগামী ৭ জুন বিকেল ৪টার মধ্যে লিখিত বা সশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, গত ২৭ মে হাসপাতালটিতে ৬ নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে ১ জুন একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।
তদন্তের অংশ হিসেবে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিশু বিভাগের প্রধান, এনআইসিইউতে কর্মরত চিকিৎসক, দায়িত্বে থাকা নার্স ও আয়া, রোগী ও স্বজনদের পাশাপাশি মৃত নবজাতকদের পরিবারের সদস্যদের বক্তব্য গ্রহণ করা হয়।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতাল পরিচালনায় ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিভিন্ন বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি। কমিটির মতে, এসব গুরুতর অবহেলা ও অনিয়মের ফলেই নবজাতকদের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এজন্য হাসপাতাল কর্তৃপক্ষ দায়ী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আদ্-দ্বীন হাসপাতালটি উক্ত অধ্যাদেশের ৮ ধারা অনুযায়ী নিবন্ধিত। তদন্তে আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিধি অনুযায়ী হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়টি বিবেচনায় রয়েছে। এ কারণে ৭২ ঘণ্টার মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে চূড়ান্ত আলটিমেটাম দেওয়া হয়েছে।



