ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে খাদ্য সংকট আরও গভীর হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ডব্লিউএফপির আশঙ্কা, সংঘাত দীর্ঘস্থায়ী হলে সোমালিয়ায় অতিরিক্ত ২৫ লাখ, আফগানিস্তানে ২৩ লাখ এবং শ্রীলঙ্কায় ১৩ লাখ মানুষ খাদ্য সংকটের মুখে পড়তে পারেন।
সংস্থাটির ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি সরাসরি খাদ্যের দামে প্রভাব ফেলে। ফলে তেলের দাম বাড়লে খাদ্যপণ্যের দামও বৃদ্ধি পায়, যার সবচেয়ে বড় চাপ পড়ে নিম্ন আয়ের দেশগুলোর জনগণের ওপর।
তিনি আরও জানান, বর্তমানে বিশ্বজুড়ে ৩১ কোটি ৮০ লাখের বেশি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। চলমান যুদ্ধ, সরবরাহ ব্যবস্থার বিঘ্ন এবং উচ্চ মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে সতর্ক করেছে ডব্লিউএফপি।



