tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে ফলের বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ইরানে ফলের বাজারে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

ইরানের মধ্যাঞ্চলের একটি ফল ও সবজির বাজারে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি মঙ্গলবার ইসফাহান প্রদেশের দোরচেহ শহরে ঘটে। এই এলাকা রাজধানী তেহরান থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে জানানো হয়েছে, হেলিকপ্টারটি প্রশিক্ষণ সেশনের জন্য উড়ছিল। পাইলট ও কো-পাইলটসহ আরও দুজন ব্যক্তি ভূমিতে নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ধ্বংসাবশেষ ও ধোঁয়া দেখা গেছে।

এটি এক সপ্তাহের মধ্যে ইরানের দ্বিতীয় বিমান দুর্ঘটনা। এর আগে পশ্চিমাঞ্চলীয় হামেদান শহরের কাছে একটি এফ-৪ যুদ্ধবিমানের বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হন। দেশটিতে পুরোনো বিমান ও হেলিকপ্টার ব্যবহার করা হয়, যা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে খুচরা যন্ত্রাংশের সংকটের মধ্যে রয়েছে।