মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক অচলাবস্থা নিরসনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগামী দুই দিনের মধ্যেই পাকিস্তানের মধ্যস্থতায় ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে।
ট্রাম্প বলেন, এই সংলাপে ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে এবং যুক্তরাষ্ট্র এ বিষয়ে যথেষ্ট আগ্রহী। তিনি আরও উল্লেখ করেন, সম্ভাব্য এই আলোচনা পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে।
এ প্রসঙ্গে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূমিকাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, আলোচনাটি এগিয়ে নিতে আসিম মুনির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এবং তার প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।
পাকিস্তানের সক্রিয় মধ্যস্থতার কারণেই যুক্তরাষ্ট্র নতুন করে আলোচনায় বসার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছে বলে জানান ট্রাম্প।
সাম্প্রতিক উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্যকে মধ্যপ্রাচ্যে সম্ভাব্য শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, যদি নির্ধারিত সময়ের মধ্যে আলোচনা শুরু হয়, তবে তা ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান।



