টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকাল ৪টা ৫৫ মিনিটে শহরের সন্তোষে অবস্থিত ভাসানীর মাজারে পৌঁছে তিনি ভাসানীর আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় দোয়া করেন।
এ সময় প্রধানমন্ত্রী ভাসানীর ব্যবহৃত বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। পরে তিনি মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে আয়োজিত বৈশাখী উৎসবে যোগ দেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান, ডাক, টেলিযোগাযোগ ও আইসিটিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু, লুৎফর রহমান মতিন, আবুল কালাম আজাদ সিদ্দিকী ও রবিউল আওয়ালসহ অন্যান্যরা।
এছাড়া জেলা পরিষদের প্রশাসক এসএম ওবায়দুল হক নাসির, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাঈদ সোরহাব, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক ও পুলিশ সুপার শামসুল আলম সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্থানীয় নেতারা জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাজার প্রাঙ্গণে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।



