টাঙ্গাইলে পহেলা বৈশাখ উপলক্ষে ‘কৃষক কার্ড’ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এই কার্ড তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ এলাকার কয়েকজন কৃষকের মধ্যে কার্ড বিতরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রীর ল্যাপটপে একটি বাটন প্রেসের মাধ্যমে দেশের ১১ উপজেলার ২২ হাজার ৬৫ জন প্রান্তিক কৃষকের মোবাইল অ্যাকাউন্টে একসঙ্গে আর্থিক সুবিধা পৌঁছে যায়।
এরপর ১৫ জন কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ ও বিভিন্ন গাছের চারা তুলে দেন প্রধানমন্ত্রী। তাদের মধ্যে ছিলেন আবু কায়সার, রোমান, শাহনুর আলম, শাহ আলম, জুলেখা আখতার, নাসিমা খানম সুমনা, শিল্পী, আমেনা বেগম, নবাব আলী, মোহাম্মদ আলী, কবির হোসেন, মনোয়ারা আখতার, শামীমা আখতার, লায়লা বেগম ও তাহমিনা।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।
কৃষক কার্ডের আওতায় থাকা কৃষকেরা মোট ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, স্বল্পমূল্যে কৃষিযন্ত্র প্রাপ্তি, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, মোবাইল ফোনে আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি প্রশিক্ষণ, ফসলের রোগবালাই দমনের পরামর্শ, কৃষি বিমা সুবিধা এবং ন্যায্যমূল্যে কৃষিপণ্য বিক্রয়ের সুযোগ।



