ভিত্তিহীন অভিযোগ তুলে ইরান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। দেশটির দাবি, সৌদি ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে—এমন যে অভিযোগ ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ মিথ্যা।
সোমবার (৯ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সৌদি আরব থেকে যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান উড়ে গিয়ে চলমান যুদ্ধে অংশ নিচ্ছে। তবে রিয়াদের দাবি, এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। বিষয়টি নিয়ে আগেও স্পষ্ট অবস্থান জানানো হয়েছে বলে উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আকাশসীমায় যে যুদ্ধবিমান টহল দিচ্ছে সেগুলো কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে, আক্রমণাত্মক কোনো অভিযানে অংশ নিচ্ছে না।
এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান উপসাগরীয় আরব দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, যদি ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না হয়, তাহলে তেহরানও তাদের প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালাবে না।
তবে সৌদি আরবের দাবি, ইরানের সেই বক্তব্য বাস্তবে প্রতিফলিত হয়নি। বরং একই ধরনের অভিযোগ তুলে তারা হামলা অব্যাহত রেখেছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরানের অব্যাহত হামলা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে। এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে এবং ভবিষ্যতে গুরুতর প্রভাবের মুখে পড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের বর্তমান আচরণ কোনোভাবেই বিচক্ষণতার পরিচয় দেয় না। এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে এবং শেষ পর্যন্ত সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারে ইরান নিজেই।



