স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধরের ঘটনাটি একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’, এটি কোনো মব সহিংসতা নয়।
সোমবার (৯ মার্চ) কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মব সহিংসতার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এ ধরনের ঘটনা চিরতরে বন্ধ করা হবে। “মব কালচারকে বাংলাদেশে আর প্রবেশ করতে দেওয়া হবে না,” যোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে। কোনো অপরাধী বা সন্ত্রাসীকে আইনের বাইরে থাকতে দেওয়া হবে না।
হাদি হত্যা মামলার বিষয়ে তিনি জানান, এ ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ভারতে গ্রেপ্তার হওয়া দুই আসামিকে দেশে ফিরিয়ে আনতে জোর তৎপরতা চালানো হবে।
এর আগে সোমবার ভোরে ছাত্রলীগ সম্পৃক্ততার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাহিদ খান পাভেলকে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যাওয়া হয়।



