রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানকে অতীতে মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে ফেলা হয়েছে এবং বর্তমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, চলমান আলোচনায় হুমকি ও আশ্বাসের উপস্থিতি থাকলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট ফলাফল বা বাস্তব চুক্তির ইঙ্গিত পাওয়া যায়নি।
ল্যাভরভ উল্লেখ করেন, ইরান অতীত অভিজ্ঞতার কারণে পশ্চিমা প্রতিশ্রুতির বিষয়ে সন্দিহান। বিশেষ করে জেসিপিওএ-এর প্রসঙ্গ টেনে তিনি বলেন, বারাক ওবামা প্রশাসনের সময় স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিলের কথা থাকলেও বাস্তবে তা পুরোপুরি কার্যকর হয়নি।
তিনি আরও জানান, পাকিস্তানে সম্ভাব্য নতুন দফা আলোচনার পরিস্থিতিও রাশিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তার মতে, বর্তমান পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত এবং অল্প সময়ের মধ্যেই বারবার পরিবর্তিত হতে পারে।
তবে আশাবাদ প্রকাশ করে ল্যাভরভ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা যদি আবারও ২০১৫ সালের মতো কোনো চুক্তিতে পৌঁছায়, তাহলে সেটিকে বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে বিবেচনা করা হবে।



