তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে সমানসংখ্যক টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত স্কোয়াডে জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখ, আর বিশ্রাম দেওয়া হয়েছে একাধিক অভিজ্ঞ পেসারকে।
দলের সবচেয়ে বড় চমক তরুণ ক্রিকেটার আব্দুল গফফার সাকলাইন, যিনি প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। এছাড়া রিপন মণ্ডলও স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন; তিনি এর আগে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।
অন্যদিকে পেস আক্রমণে এসেছে বড় পরিবর্তন। স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। তাদের অনুপস্থিতিতে পেস বিভাগের নেতৃত্বে থাকবেন শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আগামী ২৭ এপ্রিল শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে, আর শেষ ম্যাচটি হবে ঢাকায়। এর আগে বৃহস্পতিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
প্রথম দুই টি-টোয়েন্টির স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, মোহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গফফার সাকলাইন।



