তেহরান ইরানের রাষ্ট্রায়ত্ত সেপাহ ব্যাংকের একটি প্রশাসনিক ভবনে মার্কিন ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে তীব্র হুঁশিয়ারি দিয়েছে। বুধবার (১১ মার্চ) খাতাম আল-আনবিয়া সামরিক কমান্ড সদরদপ্তরের মুখপাত্র জানিয়েছেন, মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাংকিং এবং অর্থনৈতিক স্থাপনায় এবার হামলা চালাবে ইরান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেহরানের ওই ব্যাংক ভবনে হামলার একদিন পরই ইরানের পক্ষ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর আগে, মঙ্গলবার রাতে, মার্কিন ও ইসরায়েলি বাহিনী ওই ব্যাংক ভবনটিকে লক্ষ্য করে হামলা চালায়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন, “তাদের ব্যর্থ অভিযানের পর সন্ত্রাসী মার্কিন সেনারা এবং জায়নবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) আমাদের দেশের একটি ব্যাংককে লক্ষ্যবস্তু করেছে। এই বেআইনি ও অস্বাভাবিক পদক্ষেপের ফলে আমরা এখন অঞ্চলে থাকা মার্কিন ও ইসরায়েলি অর্থনৈতিক কেন্দ্র ও ব্যাংকগুলোতে আঘাত হানতে বাধ্য।”
তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক মাজিয়ার মোতামেদি জানিয়েছেন, আইআরজিসি-ঘনিষ্ঠ তাসনিম নিউজ শীর্ষস্থানীয় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর একটি তালিকা প্রকাশ করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর প্রযুক্তি সামরিক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং তাদের ইসরায়েলের সঙ্গে সংযোগ রয়েছে। এই কোম্পানিগুলিকেই ‘ইরানের নতুন লক্ষ্যবস্তু’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই তালিকায় রয়েছে গুগল, মাইক্রোসফট, প্যালানটির, আইবিএম, এনভিডিয়া এবং ওরাকল। তাসনিম নিউজের তথ্যমতে, ইসরায়েলের বিভিন্ন শহর এবং কিছু উপসাগরীয় দেশে অবস্থিত এসব কোম্পানির অফিস এবং ক্লাউড-ভিত্তিক অবকাঠামো এখন থেকে ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচিত হবে।



