পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নৌপথে বাড়ি ফেরা যাত্রীদের জন্য সুখবর দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি জানিয়েছেন, এবারের ঈদে সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও কম টাকায় লঞ্চে যাত্রী পরিবহনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা এ ইফতার অনুষ্ঠানের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, “বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা জনগণের সরকার। বরং বিআইডব্লিউটিএ নির্ধারিত ভাড়ার চেয়েও কমে কীভাবে যাত্রী পরিবহন করা যায়, সে বিষয়ে জাহাজ মালিকদের সঙ্গে আলোচনা চলছে।”
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে যেসব নৌপথে ড্রেজিং প্রয়োজন, সেখানে ইতোমধ্যে ড্রেজার মোতায়েন করা হয়েছে। নির্দেশনা দেওয়া হয়েছে— কোথাও নৌপথে সমস্যা থাকলে ঈদের আগেই ড্রেজিং কাজ শেষ করতে হবে।
রাজিব আহসান বলেন, “ঈদযাত্রায় বন্দরগুলোকে পরিচ্ছন্ন রাখা, হকারমুক্ত রাখা এবং অযাচিত লোকজনের প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় সদরঘাটের চাপ কমাতে বসিলা ও কাঞ্চন— এই দুটি আলাদা ঘাট থেকেও লঞ্চ চলাচলের চেষ্টা করা হচ্ছে।”
তিনি আরও জানান, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশে কর্মরত গার্মেন্টস শ্রমিকদের সুবিধার্থে বিকল্প ঘাট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি যাত্রীসেবা উন্নত করতে আরও কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী।



