আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে দলটির বিচারিক তদন্ত শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৫ অক্টোবর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)’ নামক একটি রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ জমা দিয়েছে। এ অভিযোগের ভিত্তিতে প্রাথমিক যাচাই-বাছাই চলছে এবং খুব দ্রুতই আনুষ্ঠানিক তদন্ত শুরু করা হবে।
চিফ প্রসিকিউটর বলেন, “তদন্ত পুরোদমে শুরু হলে বোঝা যাবে, দল হিসেবে আওয়ামী লীগ কতটা বিচারের মুখোমুখি হতে পারে। তবে অভিযোগটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।”
তিনি আরও জানান, চলতি অক্টোবর মাসেই তদন্ত কার্যক্রমে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি প্রত্যাশা করা হচ্ছে। একাধিক মামলার বিচার চলমান রয়েছে, কয়েকটি ট্রায়াল শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি বড় কয়েকটি মামলায় চার্জশিট ও আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের প্রস্তুতি চলছে।
এদিকে, কুষ্টিয়ায় জুলাই-আগস্ট আন্দোলনের সময় ছয়জন হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন। আগামীকাল সোমবার (৬ অক্টোবর) শুনানি শেষে ট্রাইব্যুনাল অভিযোগগুলো আমলে নেবে কি না, সে বিষয়ে আদেশ দেবে।



