গুম এবং মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এ ঘটনার পর সামাজিক মাধ্যমে গুজব ছড়ায় যে, আরও অনেক সেনা কর্মকর্তার বিরুদ্ধেও একই ধরনের আদেশ আসতে পারে।
এই প্রসঙ্গে শনিবার (১১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে প্রেস সচিব শফিকুল আলম এক পোস্টে বিষয়টিকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন গুজব’ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, আইসিটির প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে জানানো হয়েছে—এ মুহূর্তে প্রতিরক্ষা বাহিনীর অন্য কোনো সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই।
প্রেস সচিব আরও বলেন, “গুজব ছড়িয়ে সাধারণ জনগণ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এসব বিদ্বেষমূলক প্রচারের লক্ষ্য হচ্ছে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করা।”
এদিকে, যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে আইসিটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, তাদের মধ্যে ১৫ জনকে হেফাজতে নেওয়ার বিষয়টি সেনা সদর শনিবার (১১ অক্টোবর) গণমাধ্যমকে নিশ্চিত করেছে।



