বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটায় বোর্ডে আসা এই কর্মকর্তা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি গণমাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমি বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছি। আজ সকালেই পদত্যাগপত্র জমা দিয়েছি। তবে আর কেউ পদত্যাগ করেছেন কি না, তা আমার জানা নেই।”
গত কয়েক সপ্তাহে বিসিবি থেকে একাধিক পরিচালকের সরে দাঁড়ানোর ঘটনায় নতুন করে যোগ হলো এই পদত্যাগ। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তিনি বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।
উল্লেখ্য, গত বছর অনুষ্ঠিত বিসিবির বহুল আলোচিত নির্বাচনের শেষ দিকে নানা বিতর্কের জন্ম হয়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের কোটায় দুজনকে পরিচালক মনোনীত করলেও, তাদের একজনকে কয়েক ঘণ্টার মধ্যেই অপসারণের সিদ্ধান্ত নেয়, যা নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।
সেই নির্বাচনে তিনটি ভিন্ন ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। নিয়ম অনুযায়ী, বাকি দুজন পরিচালক আসেন এনএসসির মনোনয়নে—যার একজন ছিলেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।



