বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ করবেন। অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মঞ্জুরুল বাছিদ ও বিচারপতি নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মামলায় মোট ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে ছয়জন গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন এবং বুধবার তারা ট্রাইব্যুনালে হাজির ছিলেন।
গ্রেফতার হওয়া আসামিরা হলেন:
- বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরিফুল ইসলাম
- সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল
- সাবেক চুক্তিভিত্তিক কর্মচারী আনোয়ার পারভেজ
- পুলিশের সাবেক এএসআই আমির হোসেন
- সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়
- নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী ওরফে আকাশ
বাকি ২৬ জন, যাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যও রয়েছেন, এখনো পলাতক।
গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আনুষ্ঠানিকভাবে মামলাটি আমলে নেয়। ৩০ জুলাই চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গঠনের আবেদন করেন। পরে ৬ আগস্ট ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ২৭ আগস্ট সূচনা বক্তব্যের জন্য দিন ধার্য করে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গেটের সামনে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আন্দোলন আরও বেগবান হয়।



