tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

বাসা বরাদ্দে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনের মাধ্যমে উপপরিচালক রাশেদ আহম্মেদ সাদী ও সহকারী পরিচালক বিলাল হোসাইনকে বরখাস্তের সিদ্ধান্ত জানায়।

অন্যদিকে, সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করে আলাদাভাবে অফিস আদেশ জারি করেছে আবাসন পরিদপ্তর।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রেড ও মূল বেতন বিবেচনায় না নিয়েই সরকারি বাসা বরাদ্দের সুপারিশ, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীদের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণ, এবং বরাদ্দ সংক্রান্ত সভায় দায়িত্ব পালনে অনিয়মসহ বিভিন্ন দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, রাশেদ আহম্মেদ সাদী একটি ‘বাসা বরাদ্দ সিন্ডিকেট’-এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ ও স্থাবর সম্পদের মালিক হয়েছেন। তদন্তাধীন ও স্পর্শকাতর এই অভিযোগসমূহ প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকায় এবং তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন—এমন সম্ভাবনার ভিত্তিতে তাদের বরখাস্ত করা হয়েছে।

রাশেদ আহম্মেদ সাদী ও বিলাল হোসাইনকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ১২(১) ধারায় সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তকালীন সময়ে তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

এছাড়া, আবাসন পরিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নাম ব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে বাসা বরাদ্দের নামে ঘুষ দাবি এবং অসদাচরণের অভিযোগে সহকারী হিসাবরক্ষক নজরুল ইসলামকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তিনিও বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।