ওমান সফর শেষে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
ইরানের সরকারি সংবাদসংস্থা ইরনা জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যার আগেই তিনি ইসলামাবাদে পৌঁছান। এর আগে গত শনিবার ইসলামাবাদ সফর শেষে তিনি ওমানের উদ্দেশে রওনা দেন।
শনিবার ইসলামাবাদে অবস্থানকালে আব্বাস আরাঘচি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির এবং উপ-প্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন।
এদিকে, আরাঘচির ইসলামাবাদ ত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনা বাতিল করা হয়েছে।
তবে আরাঘচির পুনরায় পাকিস্তান সফরের প্রেক্ষাপটে নতুন করে মার্কিন প্রতিনিধিদল পাঠানো হবে কি না, তা এখনো স্পষ্ট নয়। একইসঙ্গে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফার বৈঠক নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে।



