রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বানও জানানো হয়েছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান এ নোটিশ পাঠান। নোটিশটি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) এবং আদ্-দ্বীন হাসপাতালের পরিচালকের কাছে পাঠানো হয়েছে।
নোটিশে দেশের সব হাসপাতালের মাতৃত্ব ও নবজাতক ওয়ার্ডে জরুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও নির্দেশনা দেওয়ার আহ্বান জানানো হয়। এ ধরনের মর্মান্তিক ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন আইনজীবী।



