মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে তেলবাহী একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) বিকেল ৪টার দিকে আখাউড়া-সিলেট রেলপথের লাউয়াছড়া বনের ২৯৪/৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, সিলেট থেকে ছেড়ে আসা ৯৬২ নম্বর তেলবাহী ট্রেনটি লাউয়াছড়া উদ্যানে প্রবেশ করার পর ট্রেনে থাকা আরএনবি গোয়েন্দা সদস্য পরাগ বকুল দাস হঠাৎ ধোঁয়া দেখতে পান। পরে তিনি দ্রুত বিষয়টি লোকোমাস্টারকে জানালে ট্রেনটি থামানো হয়।
পরবর্তীতে পরীক্ষা করে দেখা যায়, ট্রেনটির একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে সৌভাগ্যবশত ওই ওয়াগনে কোনো তেল ছিল না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনার পর থেকেই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ইতোমধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। লাইনচ্যুত বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।



