রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে দেখতে মাঠে নেমেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেল ৪টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরজুড়ে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরেজমিনে পর্যবেক্ষণ করতেই প্রধানমন্ত্রী এই পরিদর্শনে বের হন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন আইন মেনে প্রতিটি ট্রাফিক সিগন্যাল অনুসরণ করেন এবং সাধারণ যানবাহনের মতোই চলাচল করেন বলেও জানান তিনি।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রীর গাড়িবহর গুলশান এভিনিউয়ের বাসভবন থেকে যাত্রা শুরু করে গুলশান-১, হাতিরঝিল, রামপুরা ও মালিবাগ হয়ে তালতলা মার্কেট ও বাসাবো এলাকায় পৌঁছায়। পরে তিনি কমলাপুর স্টেডিয়াম, সায়েদাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ী, ধোলাইখাল, শহীদ ফারুক সড়ক, দয়াগঞ্জ, নারিন্দা ও রায়সাহেব বাজার এলাকা পরিদর্শন করেন।
এরপর আদালত সড়ক, নওয়াবপুর, বংশাল, গুলিস্তান, শাহবাগ, এলিফেন্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও নিউ মার্কেট ঘুরে সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান, মিরপুর রোড, সিটি কলেজ, সীমান্ত স্কয়ার, জিগাতলা ও মানিক মিয়া এভিনিউ হয়ে মহাখালী পর্যন্ত পরিদর্শন কার্যক্রম চালিয়ে যান প্রধানমন্ত্রী।



