রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল হাসপাতাল-এর এনআইসিইউতে আরও পাঁচ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস। এর আগে হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে।
বুধবার (২৭ মে) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তবে চিকিৎসাধীন পাঁচ শিশুর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, এনআইসিইউতে থাকা কয়েকজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। এছাড়া কিছু শিশুর শরীরে নীলাভ বর্ণ দেখা গেছে বলেও জানা গেছে।
এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ঘটনার তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দায়িত্বে গাফিলতি বা অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর এবং প্রকৃত কারণ জানতে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।
তিনি জানান, পাঁচজন মায়ের ছয় নবজাতকের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজন শিশুকে এনআইসিইউতে ভর্তি করা হয়েছে। পোস্টমর্টেম ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
ডা. রফিকুল ইসলাম আরও বলেন, হাসপাতালের ভবন নির্মাণে বিল্ডিং কোড অনুসরণ করা হয়েছিল কি না, সিসিটিভি ফুটেজে কতজন শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে, তালিকাভুক্ত শিশুদের তথ্য সঠিক কি না এবং মৃত শিশুদের শারীরিক অবস্থায় কোনো অস্বাভাবিকতা ছিল কি না—এসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা জরুরি।



