tanaka

পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধ ২০৪ কোটি ডলার

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাসে বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ রেকর্ড ২০৪ কোটি ৭৬ লাখ মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে। চলতি...
প্রচ্ছদআন্তর্জাতিকনরেন্দ্র মোদির সঙ্গে ২০ মিনিটের বৈঠকে থালাপতি বিজয়ের ৩ দাবি

নরেন্দ্র মোদির সঙ্গে ২০ মিনিটের বৈঠকে থালাপতি বিজয়ের ৩ দাবি

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ থালাপতি বিজয় ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (২৭ মে) প্রায় ২০ মিনিটের ওই বৈঠকে তিনি রাজ্যের স্বার্থসংশ্লিষ্ট তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এর মধ্যে ছিল মেকেদাতু বাঁধ প্রকল্প, তামিলনাড়ুর রাজ্য সংগীতের মর্যাদা এবং ঐতিহাসিক তাম্রফলক ফেরত আনার প্রসঙ্গ।

বৈঠকের শুরুতেই সম্প্রতি হল্যান্ড থেকে প্রাচীন তাম্রফলক ফিরিয়ে আনার উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান বিজয়।

এ সময় কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় একতরফাভাবে বাঁধ নির্মাণ করা হলে কাবেরী নদীর নিম্নপ্রবাহে থাকা তামিলনাড়ুর পানি প্রাপ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে। বিজয়ের দাবি, কর্ণাটকের এমন কোনো পদক্ষেপ কাবেরী পানি বিরোধ ট্রাইব্যুনাল এবং ভারতের সুপ্রিম কোর্টের রায়ের চেতনার পরিপন্থী হবে।

বৈঠকে সরকারি অনুষ্ঠানে তামিলনাড়ুর রাজ্য সংগীত বাজানোর অনুমতি দেওয়ার বিষয়টিও উত্থাপন করেন বিজয়। চলতি বছরের জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্দেশনায় বলা হয়েছিল, জাতীয় সংগীত ও জাতীয় গান একসঙ্গে পরিবেশিত হলে প্রথমে ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া হবে।

এর পরিপ্রেক্ষিতে বিজয় চান, জাতীয় সংগীত কিংবা জাতীয় গানের পাশাপাশি তামিলনাড়ুর রাজ্য সংগীতও যথাযথ মর্যাদায় পরিবেশনের সুযোগ পাক।

চলতি মাসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল বিজয়ের প্রথম সরকারি দিল্লি সফর। সফরে তিনি কেন্দ্র-রাজ্য সম্পর্ক, পানি বণ্টন এবং সাংস্কৃতিক পরিচয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় প্রধানমন্ত্রী মোদির সামনে তুলে ধরেন।

বিশেষ করে কাবেরী নদীর পানি বণ্টন ইস্যুতে তামিলনাড়ু ও কর্ণাটকের দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটে মেকেদাতু বাঁধ প্রকল্প আবারও আলোচনায় এসেছে।

সূত্র : এনডিটিভি