ঈদযাত্রায় যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পদ্মা ও যমুনা সেতুতে টোল আদায়েও নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় দুই সেতু মিলিয়ে মোট ৭ কোটি ৭ লাখ ৪১ হাজার টাকার টোল আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বুধবার দুপুরে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২৬ মে ২০২৬ তারিখে পদ্মা সেতু দিয়ে ৪৫ হাজার ৬০২টি যানবাহন চলাচল করেছে। এ থেকে টোল আদায় হয়েছে ৫ কোটি ৩ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা।
অন্যদিকে, যমুনা সেতু দিয়ে একই সময়ে পারাপার হয়েছে ৫৬ হাজার ২৩৯টি যানবাহন। সেখান থেকে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮২ লাখ ৯৭ হাজার ৫০ টাকা।
এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম সকালে বিআরটিএতে স্থাপিত কন্ট্রোল রুম পরিদর্শন করেন। এ সময় তিনি পদ্মা ও যমুনা সেতুর লাইভ ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করেন এবং ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া বিভিন্ন পদক্ষেপের অগ্রগতি খতিয়ে দেখেন।
ঈদুল আজহা উপলক্ষে সরকার দুই সেতু এলাকায় বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে দক্ষ টোল কালেক্টর নিয়োগ ও প্রশিক্ষণ, সার্বক্ষণিক টোল লেন চালু রাখা, মোটরসাইকেলের জন্য আলাদা লেন বৃদ্ধি, নন-স্টপ ইটিসি (ETC) ব্যবস্থা চালু, উন্নত ট্রাফিক মনিটরিংয়ের জন্য সার্ভেইল্যান্স ক্যামেরা ব্যবহার এবং উচ্চ পর্যায়ের মনিটরিং টিম গঠন।
এ ছাড়া দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, যাত্রীদের জরুরি স্বাস্থ্যসেবা, এলেঙ্গা ও মাওয়া বাস-বে উন্মুক্ত রাখা, সেতুর প্রতি ৩০০ মিটার অন্তর নিরাপত্তারক্ষী মোতায়েন এবং দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনায় ভারী রেকার প্রস্তুত রাখা হয়েছে।
কোরবানির পশুবাহী যানবাহনকে ওয়েইং স্কেল মেশিনের আওতার বাইরে রাখা, টোল বুথে পর্যাপ্ত ভাঙতি টাকার ব্যবস্থা, জরুরি টোল লেন চালু এবং যাত্রীদের জন্য সুপেয় পানি ও ওয়াশরুম সুবিধাও নিশ্চিত করা হয়েছে।



