আগামী মাসের মাঝামাঝি সময়ে পরীক্ষামূলকভাবে ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। এ কার্ডের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিরা আর্থিক লেনদেন, ভ্রমণ, স্বাস্থ্যসেবা ও সরকারি বিভিন্ন কাজে বিশেষ সুবিধা পাবেন।
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
তিনি বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের পর এবার প্রবাসীদের জন্য চালু হচ্ছে প্রবাসী কার্ড। এর মূল উদ্দেশ্য হলো প্রবাসীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা নিশ্চিত করা এবং ডুয়াল কারেন্সি সুবিধার মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং ও পেমেন্ট ব্যবস্থা সহজ করা।
প্রবাসী কার্ডে যেসব সুবিধা মিলবে
প্রবাসী কার্ডধারীরা দেশে ও বিদেশে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে—
- দেশে ও বিদেশের বিমানবন্দরে কমপ্লিমেন্টারি লাউঞ্জ ব্যবহারের সুযোগ।
- বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা।
- আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি ‘মিট অ্যান্ড গ্রিট’ সুবিধা।
- বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়।
- দেশে-বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট পিক-আপ ও ড্রপ সুবিধা।
- সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে বিশেষ ছাড়।
- কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে আনার ব্যবস্থা।
- প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা।
- জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার।
- রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং ও ঋণ সুবিধা।
- কার্ডের মাধ্যমে সহজে ও সরাসরি অর্থ পাঠানোর সুযোগ।
- এনআইডি, পাসপোর্ট, কনস্যুলার সেবা এবং ব্যাংকিংসহ বিভিন্ন সরকারি সেবায় অগ্রাধিকার।
বিতরণের লক্ষ্যমাত্রা
শাহাদাৎ স্বাধীন জানান, পরীক্ষামূলক কার্যক্রমের প্রথম ধাপে জনতা ব্যাংক প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করবে। সরকারের লক্ষ্য অনুযায়ী, ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণ করা হবে।
দ্বিতীয় ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে প্রবাসী কার্ডের পূর্ণাঙ্গ কার্যক্রম পরিচালিত হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা
সভায় প্রধানমন্ত্রী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও সময়োপযোগী ও আধুনিক করার নির্দেশ দেন। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সব বাংলাদেশি যেন ধাপে ধাপে প্রবাসী কার্ডের আওতায় আসতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ সচিব মোখতার আহমেদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান, বিএমইটির মহাপরিচালক জামিল আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



