tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়জনগণের দেওয়া দায়িত্ব পালন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণের দেওয়া দায়িত্ব পালন করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার ক্ষমতাবান নয়, বরং জনগণের দেওয়া দায়িত্ব পালন করছে। তাই মানুষের দুর্দশা লাঘব এবং যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানোই সরকারের প্রধান দায়িত্ব।

শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় গৃহহারা শতাধিক পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি মানুষের কল্যাণের রাজনীতি করে এবং দেশের অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকাকে রাজনৈতিক অঙ্গীকার হিসেবে গ্রহণ করেছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই সরকার সবসময় তাদের পাশে থাকবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতি হলো—‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা।’ এ নীতির আলোকে সরকার জনগণের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “আমরা ক্ষমতাবান নই, আমরা দায়িত্বপ্রাপ্ত। তাই যেকোনো প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, শুধু গৃহহীন পরিবার নয়, ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশুর খামারিদের ক্ষতি পুষিয়ে দিতে এবং পুনর্বাসনে সরকার ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও সড়ক দ্রুত সংস্কারে কাজ চলছে।

উপকূলীয় এলাকার দীর্ঘমেয়াদি সুরক্ষার বিষয়ে তিনি জানান, উপকূলীয় জেলাগুলোতে শক্তিশালী স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ করা হবে। এছাড়া অভ্যন্তরীণ পানি নিষ্কাশনের জন্য বন্ধ থাকা স্লুইসগেটগুলো খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব স্লুইসগেটের ব্যবস্থাপনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে থাকবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন।

অনুষ্ঠানে প্রথম পর্যায়ে পেকুয়া ও চকরিয়ার বন্যায় গৃহহারা ২০টি পরিবারের হাতে টিন, খাট, লেপ-তোশকসহ প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী তুলে দেওয়া হয়। পরে আরও ৮০টি পরিবারের মধ্যে গৃহসহায়ক সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়।

এদিকে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন। তিনি পেকুয়ার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া বাজার, টইটং ও রাজাখালী সবুজ বাজার এলাকায় শত শত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। পরে তিনি উজানটিয়া সোনালী বাজার এলাকার স্লুইসগেট পরিদর্শন করেন।