বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, শেখ হাসিনা এখন তার প্রকৃত আশ্রয়স্থল দিল্লিতে অবস্থান করছেন। তার দাবি, আওয়ামী লীগ একটি ভারতনির্ভর দল এবং এরা মূলত ভারতের সেবাদাস সরকার হিসেবে কাজ করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার পহরচাঁদা কমিউনিটি সেন্টারে এসব কথা বলেন সালাহউদ্দিন আহমদ। স্থানীয় বিএনপির উদ্যোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
তিনি বলেন, শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনা দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে এবং জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। তাদের শাসনামলে একদলীয় ও স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
সালাহউদ্দিন আরও বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বললেও বাস্তবে দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তিনি অভিযোগ করেন, ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করে আলেম সমাজের ওপর নির্যাতন চালানো হয়েছে এবং আলেম হত্যার ঘটনাও ঘটেছে। তার ভাষায়, আওয়ামী লীগ ছিল একটি ইসলামবিদ্বেষী সরকার।
তিনি বলেন, রাতের আঁধারে শাপলা চত্বরে গণহত্যা চালিয়ে নিরীহ মাদ্রাসাছাত্রদের হত্যা করা হয়েছে। এভাবেই আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছিল। এর ফলেই তারা দেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
পহরচাঁদা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফরিদ আহমদ আজিজির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পহরচাঁদা সাংগঠনিক ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন হায়দার, উপদেষ্টা জালাল আহমদ সিকদারসহ বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।



