ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এর আগে বিভিন্ন ভূমিকায় কাজ করলেও এবারই প্রথমবারের মতো কোনো দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন সৌরভ গাঙ্গুলি। ২০২৭ আইপিএল মৌসুম সামনে রেখে দিল্লি ক্যাপিটালসের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভারতের সাবেক অধিনায়ককে।
২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত সৌরভ। শুরুতে ফ্র্যাঞ্চাইজিটির পরামর্শক হিসেবে কাজ করেন তিনি। এরপর বিসিসিআই সভাপতির দায়িত্ব পালন শেষে ভারতের পুরুষ ও নারী জাতীয় দলের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন সাবেক এই অধিনায়ক। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০-তে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় ছিলেন তিনি।
দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ। আইপিএলে কোচ হিসেবে কাজ করার জন্য তিনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন বলেও জানিয়েছেন। তার কাছে দিল্লি ক্যাপিটালস বিশেষ একটি ফ্র্যাঞ্চাইজি বলেও উল্লেখ করেন তিনি।
সৌরভ বলেন, দলের মালিকপক্ষ, ব্যবস্থাপনা, সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। ফলে নতুন দায়িত্বকে ঘিরে তার আগ্রহও অনেক বেশি। দলে থাকা প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে একটি শক্তিশালী, আত্মবিশ্বাসী ও আগ্রাসী দল গড়ে তোলার লক্ষ্য রয়েছে তার।
গত দুই মৌসুমে দিল্লির প্রধান কোচের দায়িত্বে ছিলেন হেমাং বাদানি। এবার তার জায়গায় সৌরভের অধীনে নতুনভাবে পথচলা শুরু করবে দলটি।
তবে দায়িত্ব নেওয়ার পর সৌরভের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে দিল্লিকে আইপিএল শিরোপা এনে দেওয়া। আইপিএলের প্রথম দিকের ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস এখনো শিরোপার স্বাদ পায়নি।
২০২০ সালে ফাইনালে উঠে প্রথমবারের মতো শিরোপার সবচেয়ে কাছে পৌঁছেছিল দিল্লি। পরের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও ফাইনালে উঠতে পারেনি তারা। এরপর ২০২১ সালের পর থেকে আর প্লে-অফে জায়গা করে নিতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।
সর্বশেষ মৌসুমে অক্ষর প্যাটেল ও হেমাং বাদানির অধীনে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করে দিল্লি। এবার সৌরভ গাঙ্গুলির অধীনে সেই হতাশা কাটিয়ে নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামতে চায় দলটি। আর সেই লক্ষ্য পূরণে সৌরভের সামনে সবচেয়ে বড় মিশন—দিল্লির দীর্ঘ শিরোপা-খরা কাটিয়ে আইপিএলের চ্যাম্পিয়ন বানানো।



