২০০০ সালে মুক্তি পাওয়া ‘মহব্বতে’ সিনেমার শাহরুখ খানকে মনে আছে? মিউজিক শিক্ষক ‘রাজ আরিয়ান মালহোত্রা’ চরিত্রে তাঁর পোশাক, চশমার ফ্রেম, হাতে বেহালা আর কপালের ওপর ছড়িয়ে থাকা চুলের গোছা—সবকিছুই তখন তরুণদের মধ্যে তৈরি করেছিল তুমুল ক্রেজ। দুই দশকেরও বেশি সময় পর সেই বহুলচর্চিত হেয়ারস্টাইল তৈরির নেপথ্যের গল্প সামনে আনলেন বলিউডের সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট দিলশাদ পাস্তাকিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিলশাদ জানান, শাহরুখের ‘মহব্বতে’ লুক তৈরির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার স্ত্রী গৌরী খানের। এমনকি গৌরীর তত্ত্বাবধানেই প্রথমবার শাহরুখকে নিজের সেলুনে পেয়েছিলেন তিনি।
দিলশাদের ভাষ্য, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ সিনেমার শুটিংয়ের সময় শাহরুখ ‘মহব্বতে’র জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। গৌরী অবশ্য তার সেলুনে আগে থেকেই আসতেন। একদিন তিনি এসে জানান, শাহরুখকে তার কাছে নিয়ে আসবেন।
দিলশাদ বলেন, ‘তখন শাহরুখ অলরেডি সুপারস্টার। কিন্তু আগের কিছু খারাপ অভিজ্ঞতার কারণে চুল কাটা বা লুক পরিবর্তন করা নিয়ে তিনি বেশ নার্ভাস ছিলেন। এ বিষয়টি নিয়ে আমাকেও তিনি খানিকটা নার্ভাস করে দিয়েছিলেন।’
তবে শাহরুখের মুখের গঠন ও চুলের ধরন দেখে নিজের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেন দিলশাদ। সেই মুহূর্তে গৌরী তাকে আত্মবিশ্বাস জোগান।
দিলশাদ বলেন, ‘আমি ওর মুখের গঠন এবং চুলের ধরন দেখে সিদ্ধান্ত নিই কী করতে হবে। ঠিক তখন গৌরী সামনে এসে আমাকে অভয় দিয়ে বলেন, দিলশাদ তুমি ভয় পেও না, তোমার যা মনে হয় সেটাই করো।’
চুলের কাজ শেষ হওয়ার পর গৌরীর প্রতিক্রিয়াতেও সন্তুষ্ট হন দিলশাদ। তিনি বলেন, ‘আমার কাজ শেষ হওয়ার পর চুলের স্টাইল দেখে গৌরী দারুণ প্রশংসা করেন। সেদিনই প্রথম আমি নিজের দক্ষতার পরিচয় পেয়েছিলাম।’
হেয়ারস্টাইল যে একটি চরিত্রের সামগ্রিক উপস্থিতি বদলে দিতে পারে, সেটিও ব্যাখ্যা করেছেন বিখ্যাত হেয়ারস্টাইলিস্ট আয়ুষ মানোচা। তার মতে, চুলের সিঁথি বদলানো, ঘনত্ব কমানো বা বাড়ানো কিংবা কপাল ঢেকে দেওয়ার মতো সামান্য পরিবর্তনও একজন অভিনেতার চরিত্রের ভাবমূর্তিতে বড় পার্থক্য তৈরি করতে পারে।
তিনি বলেন, একজন করপোরেট প্রধান এবং একজন সাধারণ সংগীতশিল্পীর হেয়ারকাট কখনো একই ধরনের হতে পারে না। চরিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে চুলের স্টাইলও নির্ধারণ করতে হয়।
‘মহব্বতে’ সিনেমায় শাহরুখের ‘রাজ আরিয়ান’ চরিত্রটিকে কোমল ও রোমান্টিক করে তুলতে তার হেয়ারস্টাইলও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। মেকআপ, পোশাক ও হেয়ারস্টাইল—সবকিছু যখন চরিত্রের সঙ্গে যথাযথভাবে মিলে যায়, তখনই পর্দায় একটি চরিত্র দর্শকের কাছে আরও জীবন্ত হয়ে ওঠে।
আর সেই কারণেই ‘মহব্বতে’র দুই দশকেরও বেশি সময় পরও শাহরুখের কপালে ছড়িয়ে থাকা সেই চুলের স্টাইল আজও বলিউডের অন্যতম স্মরণীয় লুক হিসেবে দর্শকের মনে জায়গা করে আছে।



