tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদন‘অ্যাওয়ার্ড শোয়ে যাওয়ার আগে আমার জ্বর আসে’

‘অ্যাওয়ার্ড শোয়ে যাওয়ার আগে আমার জ্বর আসে’

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির শোবিজে যাত্রা শুরু করেছিলেন বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে। এক দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। চরিত্রে প্রাণ সঞ্চারের দক্ষতায় ইতোমধ্যেই পেয়েছেন আলাদা পরিচিতি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাফা জানান, ছোটবেলা থেকেই অনেক মানুষের ভিড় দেখলে তিনি অস্বস্তি বোধ করেন। এমনকি কোনো অ্যাওয়ার্ড শোতে অংশ নেওয়ার ঠিক আগমুহূর্তেও জ্বরে কাবু হয়ে পড়েন।

সাফা বলেন, ‘কত তারকা, কত মানুষের সঙ্গে দেখা হবে— এসব ভাবতেই আমার সত্যি সত্যি জ্বর উঠে যায়। বিশ্বাস করো ভাইয়া, আমি ভীষণ নার্ভাস থাকি। ভয় পাই, চিন্তায় থাকি, আবার উচ্ছ্বসিতও থাকি। ছোটবেলা থেকেই বেশি মানুষ দেখলে আমি ভয় পেয়ে যাই।’

শৈশব ও তরুণ বয়সের অভিজ্ঞতা স্মরণ করে তিনি আরও বলেন, ‘ইন্টার পড়ার সময় ফার্মগেটে কোচিং করতে যেতাম। কোচিং সেন্টারের সামনে গাড়ি থেকে নামার পর আম্মুকে খুব শক্ত করে ধরে রাখতাম। কারণ ভিড় দেখলেই আমি অস্থির হয়ে যেতাম।’

বর্তমানে ছোটপর্দার অনেক অভিনেত্রী সিনেমায় কাজ করছেন। বড় পর্দায় অভিনয় নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে সাফা বলেন, ‘অনেক দিন ধরে সবাই জিজ্ঞেস করছে, কবে সিনেমায় আসব। আমিও চাই নিজেকে বড় পর্দায় দেখতে। কিন্তু এখন একটু ভয় হয়। সাম্প্রতিক সময়ে নাটকের অনেক ভালো অভিনেত্রী সিনেমায় কাজ করছেন, অথচ তাদের কেউ কেউ ‘‘নাটকের নায়িকা’’ বলে কটাক্ষ করছে। এসব মন্তব্য আমাকে নিরুৎসাহিত করছে। আমি এখনও সিনেমায় আসিনি, তবুও নেতিবাচক মন্তব্য শুনে ভয় পাচ্ছি।’