ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা–মিটামইন–অষ্টগ্রাম) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের সাবেক রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে কিশোরগঞ্জের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে ভর্তি করেন।
জানা গেছে, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের ভৈরবের জনসভায় যোগ দিতে বাজিতপুরের উদ্দেশে রওনা হয়েছিলেন ফজলুর রহমান। পথে অসুস্থ হয়ে পড়লে সঙ্গে থাকা ব্যক্তিরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের পরিচালক ডা. বাহার উদ্দীন ভুঁইয়া কালবেলাকে জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল। শুরুতে তীব্র শ্বাসকষ্ট দেখা দিলেও অক্সিজেন দেওয়ার পর তা নিয়ন্ত্রণে এসেছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রাথমিকভাবে নিউমোনিয়ার আশঙ্কা করা হলেও চূড়ান্ত রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।



