পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমান, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার (ডিআইজি) মো. ইসরাইল হাওলাদার।
এ ছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মো. ইকবাল হোসেন এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকেও একই পদে উন্নীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে যোগদানপত্র জমা দিতে হবে।
সরকারের জনস্বার্থে জারি করা এই আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।



