বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ‘অত্যন্ত সংকটজনক’ অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন বলে জানিয়েছে তাঁর পরিবার ও দলীয় নেতারা। আল জাজিরা, এএফপি, চ্যানেল নিউজ এশিয়া, এনডিটিভিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিষয়টি গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, খালেদা জিয়াকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
আল জাজিরার খবরে উল্লেখ করা হয়, তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন শনিবার রাতে জানান, ৮০ বছর বয়সী খালেদা জিয়াকে ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে নেয়া হয়। তিনি বলেন, “তিন দিন ধরে তাঁর অবস্থায় তেমন পরিবর্তন নেই, তবে তিনি চিকিৎসার প্রতি সাড়া দিচ্ছেন। দয়া করে দোয়া করবেন যেন চিকিৎসা এভাবেই চলতে পারে।”
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’।
তথ্যানুসারে, তিনি হৃদরোগ, লিভার ও কিডনি জটিলতা, ডায়াবেটিস, ফুসফুসজনিত সমস্যা, আর্থ্রাইটিস ও চোখের রোগে ভুগছেন। তাঁর দেহে স্থায়ী পেসমেকার রয়েছে এবং পূর্বে হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান জানান, চিকিৎসায় কিছুটা উন্নতি হলে তাঁকে বিদেশে নিতে একটি এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। অন্যদিকে লন্ডনে অবস্থানরত বড় ছেলে তারেক রহমান মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেছেন, “আপনাদের দোয়া ও ভালোবাসার প্রতি আমরা কৃতজ্ঞ। দয়া করে তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া অব্যাহত রাখুন।”
২০০৮ সাল থেকে লন্ডনে থাকা তারেক রহমান আরও বলেন, নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে দেশে ফেরা তাঁর জন্য এখন সহজ নয়। তবে সংকটের মুহূর্তে মায়ের পাশে থাকার আকাঙ্ক্ষা তাঁরও আছে।
এএফপির প্রতিবেদন অনুযায়ী, শনিবারও খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির শীর্ষ নেতারা হাসপাতালের বাইরে অবস্থান নিয়ে তাঁর খোঁজখবর রাখছেন। অনেক সমর্থকও সেখানে উপস্থিত হন। এক সমর্থক লিটন মোল্লা বলেন, “আমি শুধু দোয়া করি, তিনি সুস্থ হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। এই মুহূর্তে বাংলাদেশে তাঁর মতো নেত্রী খুব প্রয়োজন।”
দেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসও এক বিবৃতিতে বলেন, “গণতন্ত্রে উত্তরণের এই সময়ে খালেদা জিয়া জাতির জন্য অনুপ্রেরণার উৎস। দেশের জন্য তাঁর সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
চ্যানেল নিউজ এশিয়া জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আইসিইউতে রয়েছেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করে পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানানো হয়েছে।



