গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জার্মানিতে হিটলারের নাৎসি বাহিনীর পতনের পর তারা যেমন আর দেশটিতে ফিরে রাজনীতি করতে পারেনি, আওয়ামী লীগের ক্ষেত্রেও তেমন পরিণতি হবে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বিবৃতিতে আওয়ামী লীগের হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে অতীতে বাসে অগ্নিসংযোগের ঘটনাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, হরতালের সময় বাস পোড়ানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস। এ প্রসঙ্গে তিনি রাজধানীর শাহবাগে তৎকালীন হোটেল শেরাটন, বর্তমানে ইন্টারকন্টিনেন্টালের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেওয়ার ঘটনা স্মরণ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বর্ণনা অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে বাসটিতে গানপাউডার নিক্ষেপ করা হলে দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা বাস থেকে বের হওয়ার সুযোগ পাননি। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা উল্লেখ করে তিনি বলেন, আগুনে পুড়ে বাসের যাত্রীরা মারা যান এবং আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজও ব্যাহত হয়। ওই ঘটনায় ঘটনাস্থলে অন্তত ৯ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও দুজন মারা যান। এ ঘটনার স্বীকারোক্তি এখনো ইউটিউবে পাওয়া যায় বলেও দাবি করেন তিনি।
বিরোধী দলের বক্তব্যের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থান করেও শেখ হাসিনা অডিও ও ভিডিও কলের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছেন। জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি, তাঁদের বাড়িঘরে হামলা এবং দেশে ফিরলে শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের পরিস্থিতি তৈরির কোনো সুযোগ আর দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা ও মানবাধিকার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচনি ইশতেহারে মানবাধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনার অঙ্গীকার করেছে সরকার। প্রধানমন্ত্রীও দেশে ফিরে তাঁর প্রথম ভাষণে একটি নিরাপদ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরকার কোনোভাবেই দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। তবে পরিস্থিতির প্রয়োজনে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে সরকার পিছপা হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বিগত সরকারের আমলে সংঘটিত বিচারবহির্ভূত হত্যা, গুম, খুন, অপহরণ ও গায়েবি মামলার প্রসঙ্গও তুলে ধরেন। পাশাপাশি জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, এসব অপরাধের বিচার নিশ্চিত করতে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।



